বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ অতীতের ত্যাগ ও কুরবানির শিক্ষা ধারণ করে বর্তমান সময়ের সুযোগ ও সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন। শুক্রবার সিলেট মহানগর জামায়াতের নবনির্বাচিত আমিরের শপথ ও মজলিসে শূরার নির্বাচন উপলক্ষে আয়োজিত রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আযাদ বলেন, সংগঠনের অগ্রযাত্রা ও লক্ষ্য অর্জনে বাস্তবতার নিরিখে পরিকল্পিত কর্মপন্থা নির্ধারণ করতে হবে। সব স্তরের দায়িত্বশীলদের ব্যক্তিগত, নৈতিক, জ্ঞানগত ও সাংগঠনিক যোগ্যতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও তিনি বলেন। ইসলামী আন্দোলনের কর্মীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে পবিত্র কোরআন ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে আযাদ নবনির্বাচিত মহানগর আমির মুহাম্মদ ফখরুল ইসলামকে আনুষ্ঠানিকভাবে শপথবাক্য পাঠ করান। ফখরুল ইসলাম দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা চান এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজের আহ্বান জানান। তিনি পরামর্শ, সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় সিলেট মহানগর জামায়াতকে আরও গতিশীল ও শক্তিশালী সংগঠনে রূপান্তরের আশা প্রকাশ করেন।