বাংলাদেশ জামায়াতে ইসলামী পরিশোধিত জ্বালানি তেল আমদানি, মজুত ও বিপণন বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সব উদ্যোগ অবিলম্বে স্থগিতের দাবি জানিয়েছে। ৮ আগস্ট রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জরুরি সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ বিষয়ে ছয় দফা দাবি তুলে ধরেন। দলটি সংশ্লিষ্ট খসড়া নীতিমালাসহ সব নথি প্রকাশ এবং অন্তত ৬০ দিন জনমত গ্রহণের সুযোগ চেয়েছে।
দাবিগুলোর মধ্যে সংসদীয় স্থায়ী কমিটির অধীনে উন্মুক্ত শুনানি, বিপিসির সংস্কার ও স্বাধীন নিরীক্ষা, পেশাদার বোর্ড নিয়োগ, ক্রয় প্রক্রিয়ায় ই-জিপি বাধ্যতামূলক করা এবং আমদানি মূল্য ও পরিমাণের ত্রৈমাসিক তথ্য প্রকাশের কথা রয়েছে। জামায়াত ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট ও কৌশলগত মজুত সক্ষমতা বাড়ানোর প্রকল্প সময়সীমা দিয়ে বাস্তবায়ন এবং শ্রমিক-কর্মচারীদের আইনি সুরক্ষা খর্বের সুপারিশ প্রত্যাহারের দাবিও জানায়।
গোলাম পরওয়ার বলেন, দলটি বাজার অর্থনীতি বা বেসরকারি বিনিয়োগের বিরোধী নয়; তাদের আপত্তি জবাবদিহিহীন হস্তান্তর ও দুর্নীতির সুযোগ নিয়ে। তিনি দাবি করেন, সরকার নতুন নীতিমালা নিয়ে প্রকাশ্যে কথা বলছে না। তিনি বাংলাদেশ অয়েল, গ্যাস অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশনের অভিযোগেরও উল্লেখ করেন যে, বেসরকারি খাতে তেল আমদানি, বিক্রয় ও বিপণন ছেড়ে দেওয়ার পাঁয়তারা চলছে।