Web Analytics
ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের নৌবাহিনী জানিয়েছে, হরমুজ প্রণালির দক্ষিণাংশে নৌমাইনে আঘাত পেয়ে দুটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও আগুনের ঘটনা ঘটেছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনার প্রচারিত বিবৃতি অনুযায়ী, ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জাহাজ দুটি অচল হয়ে পড়ে এবং নাবিকেরা সেগুলো ছেড়ে যেতে বাধ্য হন। ঘটনার তারিখ, জাহাজের নাম বা হতাহতের তথ্য দেওয়া হয়নি।

আইআরজিসি নৌবাহিনীর দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ জলপথের দক্ষিণাংশ দিয়ে জাহাজ দুটি তাদের ভাষায় ‘অনুমোদনহীন রুটে’ চলাচলের চেষ্টা করছিল। বিবৃতিতে বলা হয়, জাহাজ দুটির ইঞ্জিনকক্ষে বিস্ফোরণ ও তীব্র অগ্নিকাণ্ডে ইঞ্জিন অচল হয়ে যায়। ফলে ট্যাংকার দুটি চলাচলের অযোগ্য হয়ে সাগরে আটকা পড়ে।

আইআরজিসির ভাষ্য অনুযায়ী, দুটি ট্যাংকারে মিলিয়ে ৪৫ লাখ ব্যারেলের বেশি অপরিশোধিত তেল ছিল। পরে হরমুজ প্রণালির দক্ষিণ উপকূলের কাছাকাছি এলাকায় জাহাজ দুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার কথা বলা হয়। পারস্য উপসাগর ও ওমান উপসাগরকে যুক্ত করা এই প্রণালি জ্বালানি তেল পরিবহনের গুরুত্বপূর্ণ নৌপথ। যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে ইরান আগে বলেছে, তাদের বিবেচনায় অননুমোদিত রুটে কোনো জাহাজ চলাচল করতে পারবে না।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।