সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে একটি খোলা চিঠি লিখে সুনামগঞ্জসহ হাওর অঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত চিঠিতে তিনি প্রধানমন্ত্রীকে হেলিকপ্টারে হাওর এলাকা পরিদর্শনের অনুরোধ জানান এবং বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা থেকে কৃষকদের ফসল রক্ষার আহ্বান করেন।
চিঠিতে তিনি উল্লেখ করেন, হাওরপাড়ের মানুষ একমাত্র ফসলের ওপর নির্ভরশীল, যা বর্তমানে জলাবদ্ধতার কারণে নষ্ট হচ্ছে। তিনি সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও নেত্রকোনাসহ আশপাশের এলাকায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শ দেন। দিরাই-শাল্লা এলাকায় বেশি করে খাল খননের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন এবং বলেন, অপরিকল্পিত বাঁধ এলাকায় ক্ষতি করছে।
তিনি আশা প্রকাশ করেন যে সরকারের চলমান খাল খনন কর্মসূচি হাওর এলাকার কৃষকদের জন্য স্থায়ী সমাধান আনবে।