কনসার্টের মঞ্চে ফিলিস্তিনের অধিকার ও যুদ্ধবিরতির পক্ষে কথা বলার পর মার্কিন র্যাপার ম্যাকলেমোরকে ব্রিটিশ পপ তারকা এড শিরানের চলমান যুক্তরাষ্ট্রের ‘লুপ ট্যুর’-এর বাকি আটটি শো থেকে বাদ দেওয়া হয়েছে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ৪ সেপ্টেম্বর উদ্বোধনী পরিবেশনায় তিনি ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দেন। এ সময় মঞ্চের পর্দায় গাজায় ইসরাইলি আগ্রাসনের ধ্বংসযজ্ঞের ছবি দেখানো হয়।
কনসার্টের প্রমোটার মেসিনা ট্যুরিং গ্রুপ জানিয়েছে, কয়েকটি স্টেডিয়াম ও ভেন্যু কর্তৃপক্ষ ম্যাকলেমোরকে লাইনআপে রাখলে কনসার্ট আয়োজনের অনুমতি না দেওয়ার কথা বলেছিল। এতে পুরো সফর বাতিল হওয়ার ঝুঁকি তৈরি হয়। অংশীজনদের সঙ্গে আলোচনার পর তাকে বাকি শোগুলো থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ৫ সেপ্টেম্বরের শোতেও তিনি ফিলিস্তিনের প্রতি সংহতি জানান এবং বলেন, ইসরাইল ও বর্ণবাদের সমালোচনা ইহুদিবিরোধিতা নয়।
ইসরাইলি আমেরিকান কাউন্সিল অভিযোগ করেছে, ম্যাকলেমোর কনসার্টের মঞ্চকে একতরফা প্রচারণার জন্য ব্যবহার করেছেন। ম্যাসাচুসেটসের জিলেট স্টেডিয়ামের মালিক রবার্ট ক্রাফট তার প্রবেশে আপত্তি জানিয়ে অন্য স্টেডিয়াম কর্তৃপক্ষকেও একই পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। চারবারের গ্র্যামিজয়ী ম্যাকলেমোর বলেন, এ ঘটনায় তাঁর কোনো আক্ষেপ নেই; গাজার ফিলিস্তিনিরাই প্রকৃত ভুক্তভোগী এবং মঞ্চ হারালে বিশ্ববাসীর নজর আবার ফিলিস্তিনের দিকে ফিরতে পারে।