কুড়িগ্রামের রৌমারীতে সার না পাওয়ায় ক্ষুব্ধ কৃষকরা এক ডিলারের গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার নিয়ে গেছেন। সোমবার বেলা ১২টার দিকে রৌমারী মহিলা কলেজপাড়া সংলগ্ন মেসার্স মিতা-হাসান এন্টারপ্রাইজে ঘটনাটি ঘটে। এর আগে পৌনে ১২টার দিকে উপজেলার তুরা রোডের অনুপম ট্রেডার্সের গোডাউনের শাটার ভাঙচুরের অভিযোগ ওঠে।
স্থানীয় কৃষক ও প্রত্যক্ষদর্শীরা জানান, বন্দবেড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে সার নিতে কৃষকরা গভীর রাত থেকে দীর্ঘ লাইনে অপেক্ষা করছিলেন। তীব্র গরমে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও নির্ধারিত সময়ে ডিলার না আসায় তাদের মধ্যে উত্তেজনা তৈরি হয়। লাইনে অপেক্ষার সময় চারজন কৃষক হিটস্ট্রোকে আক্রান্ত হন বলে তারা জানান। সকাল ১১টা পর্যন্ত ডিলার উপস্থিত না হওয়ায় উত্তেজিত লোকজন গোডাউনের টিনের বেড়া ভেঙে সার নিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
খবর পেয়ে ইউএনও মাহবুবুল হাসান, ওসি কাওছার আলী ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে আবার সার বিতরণ শুরু হয়। উপজেলা কৃষি কর্মকর্তা বলেন, উপজেলায় সারের কোনো সংকট নেই এবং কৃত্রিম সংকটের গুজব ঠেকাতে পরদিন থেকে খোলাবাজারে সার বিক্রির বিশেষ ব্যবস্থা করা হবে।