নেত্রকোণার পূর্বধলা উপজেলায় জামায়াতের সংসদ সদস্য মাসুম মোস্তফার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপি নেতা তাহের তালুকদারসহ ৬৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শুক্রবার রাতে উপজেলা জামায়াতের যুব বিভাগের কর্মী আল-আমিন মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। মামলার পর জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযানে নয়জনকে আটক করা হয়, যাদের মধ্যে একজন এজাহারভুক্ত আসামি।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার আতকাপাড়া এলাকার একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হলে এমপির গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশ ও প্রশাসন গিয়ে তাকে উদ্ধার করে। মাসুম মোস্তফা অভিযোগ করেন, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালিয়েছে। অন্যদিকে বিএনপি নেতা বাবুল আলম তালুকদার দাবি করেন, তিনি এমপিকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) তাসনীন জাহান বলেন, কিছু উশৃঙ্খল জনতার কারণে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।