চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আগামী সোমবার দুই দিনের রাষ্ট্রীয় সফরে উত্তর কোরিয়া যাচ্ছেন। প্রায় সাত বছর পর এই সফরটি হচ্ছে এমন সময়ে, যখন কিম জং উন রাশিয়ার সঙ্গে কৌশলগত জোট গড়ে অর্থনৈতিক বিচ্ছিন্নতা কাটিয়ে উঠেছেন। বিশ্লেষকদের মতে, শি এই সফরের মাধ্যমে পশ্চিমাদের বিরুদ্ধে ঐক্য প্রদর্শন করতে চান এবং একই সঙ্গে পিয়ংইয়ংয়ের ওপর বেইজিংয়ের প্রভাব বজায় রাখতে আগ্রহী।
কিম রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদার করে চীনের কাছ থেকে আরও অর্থনৈতিক সুবিধা আদায়ের চেষ্টা করবেন বলে ধারণা করা হচ্ছে। মস্কোর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি পুনরুজ্জীবিত করে এবং রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিনিময়ে তেল, খাদ্য ও প্রযুক্তি পাওয়ার ফলে উত্তর কোরিয়া এখন আর কেবল চীনের ওপর নির্ভরশীল নয়। এই পরিবর্তন বেইজিংয়ের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্মেলনে পারমাণবিক কর্মসূচি নিয়েও আলোচনা হতে পারে, যদিও কিম ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় যেতে অস্বীকৃতি জানিয়েছেন। বিশ্লেষকদের মতে, চীনের অবস্থান কিছুটা নরম হয়েছে এবং তারা এখন পারমাণবিক উত্তর কোরিয়াকে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ওপর চাপ সৃষ্টির উপায় হিসেবে দেখছে।