জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ভারত থেকে শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি হিসেবে আখ্যা দিয়েছে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলামোটরের রূপায়ন ট্রেড সেন্টারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ অভিযোগ করেন। তিনি বলেন, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে বাইরের শক্তির হস্তক্ষেপকে দলটি দেশে বিশৃঙ্খলা তৈরির গভীর ষড়যন্ত্র হিসেবে দেখছে।
আসিফ মাহমুদের ভাষ্য, ভারত সরকার শেখ হাসিনাকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করছে। তিনি হাসিনার কথিত অনলাইন উপস্থিতি ও শুধু কণ্ঠ শোনানো নিয়ে সন্দেহ প্রকাশ করেন এবং সেটি এআই-জেনারেটেড কি না, সেই প্রশ্নও তোলেন। দলের যুগ্ম সদস্য সচিব ও গ্লোবাল ডায়াসপোরা সেলের প্রধান আলাউদ্দীন মোহাম্মদ লিখিত বক্তব্যে বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয়বার্ষিকীতে নয়াদিল্লিতে হাসিনা ও তাঁর সহযোগীদের প্রকাশ্যে বক্তব্যের সুযোগ দেওয়া হয়েছে।
আলাউদ্দীন মোহাম্মদ ভারতের প্রতি বাংলাদেশের জনগণের প্রত্যাখ্যাত ও নিষিদ্ধ গোষ্ঠীকে আশ্রয় বা সমর্থন না দেওয়ার আহ্বান জানান। এনসিপি বলেছে, তারা গণতন্ত্র, জবাবদিহি এবং ফ্যাসিবাদী রাজনীতির অবসানের পক্ষে। দলটি শেখ হাসিনাকে দ্বিপক্ষীয় রাজনৈতিক সমীকরণের হাতিয়ার হিসেবে ব্যবহারের বিরোধিতা করেছে এবং সার্বভৌমত্ব, বিচারিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করতে পারে এমন সমঝোতা প্রত্যাখ্যানের কথা বলেছে।