বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব খাটানোর অভিযোগের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশিক্ষণ-২) সহযোগী অধ্যাপক ড. জাহিদা বেগমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব এ এস এম শাহরিয়ার জাহান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাহিদা বেগমকে মাউশি অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়েছে। একই দিনে তাঁকে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশও দেওয়া হয়েছে। এর আগে ১৯ নভেম্বরের একটি প্রজ্ঞাপনে তাঁকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে ঊর্ধ্বতন বিশেষজ্ঞ পদে প্রেষণে পদায়নের নির্দেশ দেওয়া হয়েছিল।
জাহিদা বেগমের বিরুদ্ধে মাউশির প্রশিক্ষণ শাখায় দায়িত্ব পালনের সময় প্রশিক্ষণের অর্থ আত্মসাৎ, ভুয়া বিল-ভাউচার তৈরি, বদলি ও পদায়নে প্রভাব বিস্তার এবং স্বজনপ্রীতির মাধ্যমে বিদেশে প্রশিক্ষণের জন্য শিক্ষক নির্বাচনসহ নানা অনিয়মের অভিযোগ রয়েছে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন সময়ে লিখিত অভিযোগও জমা পড়েছে বলে জানা গেছে। নতুন আদেশে তাঁকে এনসিটিবিতে প্রেষণের পরিবর্তে ওএসডি করা হলো।