ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কদমতলী ও পুরাতন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে এবং আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কসবা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনের নেতৃত্বে স্থানীয় আড়াইবাড়ি দরবার শরিফের সামনে থেকে একটি মিছিল বের হয়। উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। মিছিলটি কদমতলী মোড়ে শেষ হওয়ার পর সেখানে সংক্ষিপ্ত আলোচনা সভা চলছিল।
এ সময় স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত বিএনপির আরেকটি গ্রুপ কদমতলী এলাকায় এলে উত্তেজনা তৈরি হয়। পরে ধাওয়া-পাল্টাধাওয়া সংঘর্ষে রূপ নেয়; উভয় পক্ষ ককটেল বিস্ফোরণ ও পাটকেল নিক্ষেপ করে। আতঙ্কে বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ছামিউল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।