মাদারীপুরের শিবচর উপজেলায় জাতীয় সংসদ নির্বাচনের মাদারীপুর-১ আসনে বিএনপির উঠান বৈঠক কার্যক্রম নিষিদ্ধ থাকা সত্ত্বেও আওয়ামী লীগ নেতাদের মিলনমেলায় পরিণত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবচর পৌরসভার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন খানের বাসভবনে শিবচর পৌর বিএনপির উদ্যোগে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপির প্রার্থী নাদিরা আক্তারের পক্ষে আয়োজিত এই বৈঠকে আওয়ামী লীগের একাধিক নেতা প্রকাশ্যে উপস্থিত থেকে জানান, তারা সাবেক চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী লিটনের নির্দেশে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করছেন।
বৈঠকে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিএনপি প্রার্থী নাদিরা আক্তার বলেন, নির্বাচিত হলে সাধারণ মানুষের সমস্যা সরাসরি শুনে সমাধান করবেন। তিনি নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের ভর্তুকির আওতায় আনার প্রতিশ্রুতি দেন।
একই মঞ্চে বিএনপি ও আওয়ামী লীগের নেতাদের উপস্থিতি স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে এবং আসন্ন নির্বাচনের আগে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।