ইসরাইলের বর্তমান নিরাপত্তা পরিস্থিতির কারণে জেরুজালেমে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার এক বিবৃতিতে দূতাবাস জানায়, সব মার্কিন সরকারি কর্মীকে নিজ নিজ স্থানে আশ্রয় নিতে এবং প্রয়োজনে সুরক্ষিত স্থানে যাওয়ার প্রস্তুতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এই সিদ্ধান্তটি ইসরাইল ও ইরানের মধ্যে সাম্প্রতিক সামরিক উত্তেজনার প্রেক্ষাপটে নেওয়া হয়েছে।
ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি অভিযোগ করেছেন, ইরান ও তার প্রক্সি এজেন্টরা আমেরিকা ও ইসরাইলকে ধ্বংস করতে চায়। তিনি তেহরানকে ‘শয়তানের মূল ঘাঁটি’ বলে উল্লেখ করেন। এর আগে ইসরাইল ইরানের মধ্য ও পশ্চিমাঞ্চলে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি করে এবং মাহশাহরের একটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে বিমান হামলার বিষয়টি নিশ্চিত করে।
জবাবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানায়, তারা ইসরাইলের নেভাতিম ও তেল নোফ বিমান ঘাঁটিতে পাল্টা হামলা চালিয়েছে। ইসরাইলের হামলার প্রতিশোধ হিসেবেই এই আক্রমণ করা হয়েছে বলে আইআরজিসি জানায়।