বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নে দেশের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেছেন। শনিবার দুপুরে ঢাকার বিদ্যুৎ ভবনের বিজয় হলে সারা দেশ থেকে আগত ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
মন্ত্রী জানান, আপাতত তিন মাসের জন্য এই সিদ্ধান্ত কার্যকর থাকবে এবং কোরবানি ঈদের আগে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সময়সূচি সমন্বয় করা যেতে পারে। ব্যবসায়ী নেতারা সরকারের সিদ্ধান্ত মেনে চলার আশ্বাস দেন এবং কিছু সুপারিশ ও দাবি উপস্থাপন করেন। মন্ত্রী তাদের সাময়িক সহযোগিতা কামনা করেন এবং তাদের দাবিগুলো নিয়ে আলোচনার আশ্বাস দেন।
তিনি আরও বলেন, মন্ত্রিপরিষদের সিদ্ধান্ত অনুযায়ী সরকারি প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে বিভিন্ন উদ্যোগ নিয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে যাতে গ্রীষ্মকাল ও সেচ মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা যায়। সভায় বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উপস্থিত ছিলেন।