সাভার ট্যানারি শিল্পনগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার শতভাগ কার্যক্ষম করা এবং চামড়া খাতের দীর্ঘদিনের পরিবেশগত ও ব্যবস্থাপনাগত সংকট সমাধানে যুগোপযোগী রোডম্যাপ তৈরির সুপারিশ করেছে বাণিজ্য মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটি। সম্প্রতি কমিটির সভাপতি মো. খালেদ হোসেন মাহবুব এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরসহ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাণিজ্য সচিব জানান, বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বে একাধিক মন্ত্রী ও ১০টি সরকারি দপ্তরের প্রতিনিধিদের নিয়ে বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়েছে, যা প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রতিবেদন দেবে। মন্ত্রী বলেন, সিইটিপি পুরোপুরি অকার্যকর নয়; তবে এর সক্ষমতা ২৫ হাজার ঘনমিটার থেকে ১৪-১৫ হাজার ঘনমিটারে নেমেছে। ক্রোমিয়াম রিকভারি ব্যবস্থার অভাবকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং ইতালীয় একটি কোম্পানির মাধ্যমে সংস্কারের সম্ভাব্যতা সমীক্ষা শেষ হয়েছে।
আগামী সংসদীয় কমিটির বৈঠকে স্থায়ী সমাধানের সময়সীমাসহ কর্মপরিকল্পনা উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশগত শর্ত পূরণে ব্যর্থ প্লট মালিকদের জন্য এক্সিট প্ল্যান করা হবে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় আগ্রহীদের জন্য খালি প্লট বরাদ্দের সম্ভাবনা যাচাই এবং পুনর্ব্যবহার অযোগ্য বর্জ্যের জন্য ল্যান্ডফিল স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।