নেপাল-তিব্বত সীমান্তসংলগ্ন এলাকায় ভূমিধসের পর বাঁধসদৃশ একটি হ্রদ তৈরি হওয়ায় বড় ধরনের বন্যার আশঙ্কায় চীন উচ্চ সতর্কতা জারি করেছে। ছোচেন খোলা ও পুরেপু সাংপো নদীর সংযোগস্থলে ধ্বংসাবশেষ নদীর স্বাভাবিক প্রবাহ আটকে দেওয়ায় হ্রদটির সৃষ্টি হয়েছে। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি জানিয়েছে, শুক্রবার পর্যন্ত সেখানে প্রায় ২৫ লাখ ঘনমিটার পানি জমেছিল।
চীনের পানি সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার থেকেই হ্রদ থেকে পানি উপচে পড়তে শুরু করে। কর্মকর্তাদের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে সপ্তাহান্তের মধ্যে হ্রদটিতে আরও প্রায় ৩০ লাখ ঘনমিটার পানি ঢুকতে পারে। এতে হ্রদের তীর ভেঙে যাওয়ার ঝুঁকি আরও বেড়েছে।
ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে চীনের উদ্ধার তৎপরতা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসার পর উদ্ধারকাজ আবার শুরু করা হয়। কর্মকর্তাদের আশঙ্কা, হ্রদের তীর ভেঙে গেলে ভাটির দিকে নতুন করে বন্যা দেখা দিতে পারে।