আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আবারও সামরিক অভিযান শুরু করতে পারে বলে মন্তব্য করেছেন দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহামাদ এলমাসরি। আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রশাসনের কঠোরপন্থিদের চাপের মুখে রয়েছেন।
এলমাসরি জানান, ট্রাম্প ইরানের কাছ থেকে প্রত্যাশিত ছাড় পাননি এবং আলোচনাও তার প্রত্যাশামতো এগোয়নি। তিনি আরও বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং-এর সঙ্গে সাম্প্রতিক বৈঠক নিয়েও ট্রাম্পের উচ্চ প্রত্যাশা ছিল। বিশ্লেষকের মতে, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে এই যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের জন্য বড় ধরনের বিপর্যয় হয়ে দাঁড়িয়েছে।
তবে এলমাসরি মনে করেন, ট্রাম্প সম্ভবত যুদ্ধ বন্ধ করবেন না, কারণ তিনি এখন যুক্তরাষ্ট্রের জনগণের সামনে বিশ্বাসযোগ্য বিজয়ের ঘোষণা নিয়ে ফিরতে পারছেন না।