দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ পর্বে ভারত ‘এ’ ও পাকিস্তান ‘এ’ দলের ম্যাচে খেলোয়াড়দের সংঘাতপূর্ণ আচরণ নিয়ে আইসিসি এবং দুই দেশের ক্রিকেট বোর্ডের জরুরি হস্তক্ষেপ চেয়েছেন ভারতের সাবেক অফস্পিনার হরভজন সিং। গত রোববারের ম্যাচে অতিরিক্ত স্লেজিং ও আক্রমণাত্মক উদ্যাপন আলোচনার কেন্দ্রে আসে। ম্যাচটি দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের হলেও মাঠের আচরণকে ঘিরে সমালোচনা তৈরি হয়েছে।
এইচএসবিসি গলফিং লিগের উদ্বোধনী অনুষ্ঠানে হরভজন বলেন, জয়ের পর দুই দলের প্রতিক্রিয়া এবং মাঠে যা ঘটেছে তা ঠিক নয়। তিনি এসব ঘটনাকে লজ্জাজনক আখ্যা দিয়ে বলেন, এগুলো পরবর্তী প্রজন্মের জন্য খারাপ উদাহরণ তৈরি করছে। ম্যাচ শুরুর আগেই উত্তেজনার ইঙ্গিত ছিল, কারণ টসের সময় ভারত ‘এ’ অধিনায়ক তিলক ভার্মা ও পাকিস্তান ‘এ’ অধিনায়ক আবদুল সামাদ প্রথাগত করমর্দন করেননি।
পাকিস্তানের ইনিংসে হর্ষিত রানা শামিল হুসাইন ও মাজ সাদাকাতের সঙ্গে কথা-কাটাকাটিতে জড়ান এবং উইকেট নেওয়ার পর আক্রমণাত্মক ভঙ্গি করেন। ভারতের রান তাড়ার সময়ও বাক্যবিনিময় হয়। রানার আউটের পর সুফিয়ান মুকিম তাঁর দিকে এগোলে সতীর্থ ও আম্পায়াররা হস্তক্ষেপ করেন। সেমিফাইনালে ভারত ‘এ’ খেলবে শ্রীলঙ্কা ‘এ’র বিপক্ষে, আর পাকিস্তান ‘এ’ মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’র; উভয় দল জিতলে ফাইনালে আবার দেখা হবে।