হেফাজতে ইসলাম বাংলাদেশ বলেছে, জাতীয় সংসদে উত্থাপিত ‘ট্রান্সফার অব প্রপার্টি (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২৬’-এ বিদ্যমান মুসলিম পারিবারিক ও সামাজিক বিধিব্যবস্থার কোনো ব্যত্যয় যেন না ঘটে, তা নিশ্চিত করতে হবে। রোববার গণমাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে সংগঠনের আমীর আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা শায়েখ সাজিদুর রহমান সরকারের প্রতি এ আহ্বান জানান।
নেতারা বলেন, বৃদ্ধ বয়সে পিতা-মাতার নিরাপত্তা, সুচিকিৎসা ও সম্মানজনক জীবিকা নিশ্চিত করা প্রতিটি সন্তানের ঈমানী ও নৈতিক দায়িত্ব। ইসলাম পিতা-মাতার হক আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তাই জ্যেষ্ঠ নাগরিকদের সুরক্ষায় যেকোনো ইতিবাচক পদক্ষেপ প্রশংসনীয় বলে তারা উল্লেখ করেন।
তাদের মতে, মুসলমানদের সম্পত্তি বণ্টন, হেবা ও মালিকানা হস্তান্তর পুরোপুরি শরিয়াহভিত্তিক ফারায়েজ আইনের অধীন। নতুন কোনো পদ্ধতি বা ধারা ইসলামী মিরাস ও হেবার বিধানের সঙ্গে সাংঘর্ষিক না হওয়া জরুরি। বিল চূড়ান্তের আগে বরেণ্য মুফতি, ফকিহ ও ইসলামী আইন বিশেষজ্ঞদের মত নেওয়া এবং শরীয়াহ বোর্ডের পর্যালোচনায় প্রয়োজনীয় সংশোধন আনার দাবি জানানো হয়।