বাংলাদেশের ডাকঘর আধুনিকায়নে একটি চীনা কোম্পানি বিনিয়োগের প্রস্তাব দিয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। রোববার ময়মনসিংহ-১০ আসনের বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ আখতারুজ্জামানের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন। মন্ত্রী বলেন, কোম্পানিটি বিনিয়োগের বিনিময়ে ডাক বিভাগের বিদ্যমান অবকাঠামো, জনবল ও কার্যালয় ব্যবহার করতে চায়।
আখতারুজ্জামান জরাজীর্ণ ও পরিত্যক্ত ডাকঘরকে স্মার্ট সার্ভিস পয়েন্ট, শিক্ষা ও সাংস্কৃতিক কেন্দ্র, স্বাস্থ্যসেবা কেন্দ্র এবং কৃষকদের তথ্য ও পরামর্শকেন্দ্র হিসেবে ব্যবহারের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করেন। তিনি ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, জন্ম ও মৃত্যু নিবন্ধন এবং পাসপোর্ট আবেদনের মতো সরকারি সেবা ডাকঘরের মাধ্যমে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে কি না, তাও জানতে চান।
মন্ত্রী জানান, ডাকঘরের ব্যবহার বাড়ানো ও আধুনিকায়নে সরকার কাজ করছে এবং রোববার সকালে চীনা কোম্পানিটির সঙ্গে বৈঠক হয়েছে। দেশে ৯ হাজারের বেশি ডাকঘর রয়েছে; বিদেশের আদলে এগুলো আধুনিক করার পরিকল্পনা আছে। গত ছয় মাসে ডাক বিভাগের মাধ্যমে প্রায় ৬০০ টন প্যাকেটজাত খাবার বিভিন্ন এলাকায় পৌঁছানো হয়েছে। আমের মৌসুমে ডাকঘরে আম সরবরাহ করা হয়েছে এবং পণ্য পরিবহনে ট্র্যাকিং সুবিধাও চালু হয়েছে।