ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ দেশটির জ্বালানি খাত নিয়ে স্পেনের রেপসোল ও ফ্রান্সের মোরেল অ্যান্ড প্রম-এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ বুধবার জানায়, মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার এক মাসের মধ্যে বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে এটি নতুন প্রশাসনের প্রথম বড় আলোচনা।
পিডিভিএসএ-এর পৃথক বিবৃতিতে বলা হয়েছে, রেপসোলের সঙ্গে বৈঠকে ভেনেজুয়েলার জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্ব নিশ্চিত করার পাশাপাশি উভয়ের স্বার্থ ও লাভ বজায় রাখার বিষয়টি আলোচিত হয়। ফরাসি মোরেল অ্যান্ড প্রম-এর সঙ্গে বৈঠকে কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়, যার লক্ষ্য দেশের তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা।
রেপসোল ও মোরেল অ্যান্ড প্রম দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় তেল উৎপাদন ও বাণিজ্যে যুক্ত, তবে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞার কারণে সাম্প্রতিক বছরগুলোতে তাদের কার্যক্রম ব্যাহত হয়েছে।