দুর্নীতি দমন কমিশন ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহেনার মেয়ে টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন করেছে। মঙ্গলবার, ১৭ নভেম্বর দুদক সচিব মো. সাইদুর রহমান খান এ তথ্য নিশ্চিত করেছেন।
দুদক সূত্রের তথ্য অনুযায়ী, শেখ হাসিনা পরিবারের নামে থাকা ১ হাজার ৬২ কোটি টাকার স্থাবর ও অস্থাবর সম্পদ আগে জব্দ করা হয়েছে। বৈষম্যহীন ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির প্রধান ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে সংস্থাটি।
অনুসন্ধানে রাষ্ট্রীয় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহার এবং বিদেশে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। এতে অবৈধভাবে প্লট গ্রহণ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প থেকে ৫৯ হাজার কোটি টাকা লুটপাট ও ৩০০ মিলিয়ন ডলার বিদেশে পাচারের অভিযোগের কথা বলা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন ঘিরে রাষ্ট্রের ৪ হাজার কোটি টাকা ক্ষতি, উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং সিআরআই ও সূচনা ফাউন্ডেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক অনিয়মের অভিযোগও অনুসন্ধানের আওতায় রয়েছে।