স্থানীয় সরকার নির্বাচন পরিচালনার প্রস্তুতি, পরিকল্পনা, কার্যক্রম ও সমন্বয়ের জন্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘স্থানীয় সরকার নির্বাচনবিষয়ক কমিটি’ গঠন করেছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলামকে কমিটির চেয়ারম্যান এবং সদস্যসচিব আখতার হোসেনকে সদস্যসচিব করা হয়েছে। সোমবার এনসিপির দপ্তর সম্পাদক সাদিয়া ফারজানা দিনার পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে কমিটি গঠনের তথ্য জানানো হয়।
কমিটিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রাম বিভাগের উত্তর ও দক্ষিণ অংশের জন্য পৃথক দায়িত্ব দেওয়া হয়েছে। রাজশাহী, খুলনা, রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল বিভাগের জন্যও সদস্যদের দায়িত্ব নির্ধারণ করা হয়েছে। ঢাকা মহানগর উত্তরের দায়িত্ব পেয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও তারেক এ আদেল; দক্ষিণে রয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী ও ইসহাক সরকার।
পদাধিকারবলে জাতীয় নারীশক্তির আহ্বায়ক ও সদস্যসচিব কমিটির সদস্য থাকবেন। এ ছাড়া দলের দপ্তর সম্পাদক, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, মিডিয়া সম্পাদক, আইন সম্পাদক, তথ্য ও প্রযুক্তি সম্পাদক, তথ্য ও গবেষণা সম্পাদক এবং প্রশিক্ষণ সম্পাদকও কমিটিতে অন্তর্ভুক্ত থাকবেন। বিজ্ঞপ্তিতে প্রতিটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের নাম উল্লেখ করা হয়েছে।