এক ইসরাইলি বিশ্লেষক বলেছেন, ভবিষ্যতে ইরানের পরিবর্তে তুরস্ক ও পাকিস্তান ইসরাইলের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে আসতে পারে। ইসরাইলের দৈনিক মারিভে প্রকাশিত এক মতামত নিবন্ধে বিশ্লেষক বোয়াজ গোলানি বলেন, যুদ্ধ ও অর্থনৈতিক সংকটে ইরান দুর্বল হয়ে পড়েছে, ফলে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন বাস্তবতা তৈরি হচ্ছে। তার মতে, এই পরিবর্তন ইসরাইলের জন্য নতুন চ্যালেঞ্জের ইঙ্গিত দিচ্ছে।
গোলানি উল্লেখ করেন, তুরস্ক ও পাকিস্তান উভয়ই জনবহুল, সুন্নি সংখ্যাগরিষ্ঠ দেশ, শক্তিশালী সেনাবাহিনী রয়েছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কও ভালো, যা ইসরাইলের জন্য গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময়ে গাজা যুদ্ধ ও সিরিয়ায় প্রভাব বিস্তার নিয়ে ইসরাইল-তুরস্ক সম্পর্কের উত্তেজনা বেড়েছে। অন্যদিকে, পাকিস্তান ইসরাইলের কঠোর সমালোচক হিসেবে পরিচিত, এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী সম্প্রতি ইসরাইলকে মানবতার জন্য অভিশাপ বলে উল্লেখ করেছিলেন, যদিও পরে পোস্টটি মুছে ফেলা হয়।
গোলানি সতর্ক করে বলেন, ইরানের সঙ্গে সংঘাত শেষ হলে ইসরাইলকে নতুন প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে, কারণ উভয় বিকল্পই সমানভাবে কঠিন।