অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি হামলা অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় অন্তত আট ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে মধ্য গাজার দেইর আল-বালাহ শহরের একটি কমিউনিটি কিচেনের তিন কর্মীও রয়েছেন, যেটি রোববার সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়। স্থানীয় সূত্র জানিয়েছে, তারা যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য খাদ্য সহায়তা প্রস্তুত ও বিতরণের কাজ করতেন।
এছাড়া গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস ও উত্তরাঞ্চলের বেইত লাহিয়াতেও পৃথক হামলায় আরও কয়েকজন নিহত হয়েছেন। আল জাজিরার প্রতিবেদক হিন্দ খুদারি জানিয়েছেন, চলমান হামলার কারণে বিভিন্ন এলাকায় আতঙ্ক ও মানবিক সংকট আরও তীব্র হয়েছে। হাজারো মানুষ নিরাপদ আশ্রয় ও খাদ্যের সংকটে ভুগছেন।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো জানিয়েছে, দীর্ঘদিনের সংঘাতে গাজার বেসামরিক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং হাসপাতাল, আশ্রয়কেন্দ্র ও ত্রাণ কার্যক্রম পরিচালনাকারী স্থাপনাগুলোও হামলার ঝুঁকিতে রয়েছে।