Web Analytics
ইরাকের আধা স্বায়ত্তশাসিত কুর্দি অঞ্চলের খোর মোর গ্যাসক্ষেত্রে রোববার রাতে ড্রোন হামলার পর আগুন লাগে এবং উৎপাদন বন্ধ হয়ে যায়। উত্তর ইরাকের সুলাইমানিয়া প্রদেশে অবস্থিত এ গ্যাসক্ষেত্র থেকে বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ করা হয়। কর্মকর্তারা জানিয়েছেন, সরবরাহ বন্ধ হওয়ায় কুর্দি অঞ্চলের ৭০ শতাংশের বেশি এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

কুর্দিস্তান আঞ্চলিক সরকারের বিদ্যুৎ মন্ত্রণালয়ের মুখপাত্র ওমিদ আহমেদ বলেন, হামলার কারণে বিদ্যুৎকেন্দ্রগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এতে এরবিল, সুলাইমানিয়া, বাজিয়ান, চামচামাল ও দোহুক শহরের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। তাঁর হিসাবে, জাতীয় বিদ্যুৎ গ্রিড থেকে ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতা কমে গেছে। আলজাজিরার তথ্য যাচাইকারী সংস্থা সানাদ ঘটনাস্থলের আশপাশে ধোঁয়া ও আগুনের শিখার ভিডিও যাচাই করেছে।

নিরাপত্তা সূত্রের বরাতে জানানো হয়েছে, বিস্ফোরকবাহী একটি ড্রোন গ্যাসক্ষেত্রের গ্যাস সংরক্ষণাগারে আঘাত হানে, ফলে গ্রিডের সক্ষমতা ৭০ থেকে ৮০ শতাংশ কমে যায়। প্রধানমন্ত্রী আলি আল-জাইদি প্রাথমিক মূল্যায়নে কোনো হতাহতের খবর নেই বলে জানিয়েছেন। হামলার প্রকৃত ঘটনা ও জড়িতদের শনাক্তে কুর্দি কর্তৃপক্ষের সঙ্গে যৌথ তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। হাসপাতাল ও পানি শোধনাগারে বিদ্যুৎ নিশ্চিত করতে জলবিদ্যুৎ ও বিকল্প জ্বালানিচালিত কেন্দ্র ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

Card image

Related Videos

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।