মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ড-ব্রেকিং প্রাথমিক শেয়ার বিক্রির (আইপিও) মাধ্যমে বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হয়েছেন ইলন মাস্ক। স্পেসএক্স ১৩৫ ডলার দরে ৫৫ কোটি ৫৬ লাখ ক্লাস-এ শেয়ার বিক্রি করে ৭৫ বিলিয়ন ডলার সংগ্রহ করেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় আইপিও হিসেবে বিবেচিত হচ্ছে। এই বিক্রির ফলে কোম্পানিটির বাজারমূল্য দাঁড়িয়েছে প্রায় ১ দশমিক ৭৭ ট্রিলিয়ন ডলার।
‘এসপিসিএক্স’ প্রতীকে নাসডাকে লেনদেন শুরু হলে স্পেসএক্স বিশ্বের অন্যতম মূল্যবান তালিকাভুক্ত কোম্পানিতে পরিণত হবে বলে ধারণা করা হচ্ছে। আইপিও-সংক্রান্ত নথি অনুযায়ী, তালিকাভুক্তির পর মাস্কের কাছে থাকবে প্রায় ৮৪ কোটি ৯৫ লাখ ক্লাস-এ শেয়ার এবং ৫৫৭ কোটি ক্লাস-বি শেয়ার, যার মাধ্যমে তিনি কোম্পানির মোট ভোটিং ক্ষমতার ৮৪ দশমিক ৪ শতাংশ নিয়ন্ত্রণ করবেন। আইপিও মূল্যে মাস্কের স্পেসএক্স হোল্ডিংয়ের মূল্য প্রায় ৮৬৬ দশমিক ৫ বিলিয়ন ডলার।
এই তালিকাভুক্তি স্পেসএক্স ও মাস্ক উভয়ের জন্যই একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা মহাকাশ প্রযুক্তি খাতে নতুন মূল্যমানের রেকর্ড স্থাপন করেছে।