কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে সোমবার রাতে আব্দুল লতিফ ভূঁইয়া (৪৫) নামে এক হত্যা মামলার আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে তিন রাস্তার মোড়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করে। পরে পুলিশ তাকে উদ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় এবং অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স থেকে নামানোর সময় তিনি মারা যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা ও সাবেক মেম্বার সাইফুল ইসলামের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলছিল। এই বিরোধের জেরে ২০২২ সালে যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা হত্যাকাণ্ড ঘটে, যার অন্যতম আসামি ছিলেন লতিফ ভূঁইয়া। সম্প্রতি তিনি জামিনে মুক্ত হয়ে তিন দিন আগে এলাকায় ফেরেন।
তিতাস থানার ওসি জানান, ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত লতিফকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং হত্যায় জড়িতদের গ্রেপ্তারে একাধিক টিম কাজ করছে।