দক্ষিণ কোরিয়ার সর্বোচ্চ আদালত সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওনের সাত বছরের কারাদণ্ড বহাল রেখেছে। ২০২৪ সালে সামরিক আইন জারির ব্যর্থ প্রচেষ্টা ও সংশ্লিষ্ট অপরাধের মামলায় এই রায় দেওয়া হয়। বৃহস্পতিবার ঘোষিত রায়ে আদালত জানায়, নিম্ন আদালতের রায়ে কোনো আইনি ত্রুটি ছিল না। ইউন বর্তমানে কারাগারে রয়েছেন এবং সামরিক বিদ্রোহের নেতৃত্ব দেওয়ার আরেক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
মামলায় অভিযোগ ছিল, ইউন মন্ত্রিসভার পূর্ণাঙ্গ আলোচনা বাধাগ্রস্ত করেন, প্রধানমন্ত্রীর জাল স্বাক্ষর ব্যবহার করেন এবং সামরিক আইনসংক্রান্ত নথি ধ্বংসের নির্দেশ দেন। এছাড়া বিভ্রান্তিকর সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ ও সেনা কর্মকর্তাকে নিরাপদ ফোনের তথ্য মুছে ফেলতে নির্দেশ দেওয়ার অভিযোগও আনা হয়। রাষ্ট্রপক্ষ ১০ বছরের সাজা চেয়েছিল, তবে আপিল আদালত পূর্বের পাঁচ বছরের সাজা বাড়িয়ে সাত বছর করে।
ইউনের আইনজীবীরা রায়ে গভীর দুঃখ প্রকাশ করে জানান, পর্যাপ্ত পর্যালোচনা ছাড়াই মামলাটি নিষ্পত্তি হয়েছে। তারা সাংবিধানিক ভিত্তিতে রায় চ্যালেঞ্জ করার ঘোষণা দিয়েছেন।