জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান জাতীয় সংসদে বলেছেন, ফ্যাসিবাদী শক্তির যেকোনো ষড়যন্ত্র প্রতিহত এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের আহ্বানে তাঁর দল সম্পূর্ণ একমত। বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের পর পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের চেতনায় দেশকে এগিয়ে নিতে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্য গড়া জরুরি।
স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের শেষাংশে জাতীয় ঐক্যের আহ্বানকে ইতিবাচক উল্লেখ করে শফিকুর রহমান বলেন, এতে জামায়াত শতভাগ সমর্থন জানায়। তিনি বলেন, ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন নয়; বরং ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সৃষ্ট জাতীয় চেতনাকে সমুন্নত রাখাই প্রধান দায়িত্ব।
তিনি বলেন, কোনো পরাশক্তি বা প্রতিবেশী দেশের খবরদারি মেনে নয়, স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে আত্মমর্যাদার সঙ্গে বাংলাদেশ গড়ে তুলতে হবে। এ জন্য সরকার, বিরোধী দল এবং সব রাজনৈতিক ও সামাজিক শক্তির পারস্পরিক শ্রদ্ধা ও দৃঢ় ঐক্য প্রয়োজন। শান্তি-শৃঙ্খলা রক্ষা, সীমান্তে আগ্রাসন প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তায় জাতীয় ঐক্যকে তিনি একমাত্র রক্ষাকবচ হিসেবে বর্ণনা করেন।