রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বস্ত্র খাতের বিভিন্ন সমস্যা সমাধানে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সোমবার সকালে বঙ্গভবনে বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত আজিজ রাসেলের নেতৃত্বে ২২ সদস্যের প্রতিনিধিদল তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে তিনি এ আশ্বাস দেন। রাষ্ট্রপতি জাতীয় অর্থনীতি, কর্মসংস্থান ও বৈদেশিক মুদ্রা অর্জনে বস্ত্রশিল্পের অবদানের প্রশংসা করেন।
তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে বস্ত্র খাতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিযোগী দেশগুলোর মতো বাংলাদেশের শিল্পপ্রতিষ্ঠানগুলোর জন্যও বাস্তবভিত্তিক সমন্বিত নীতি সহায়তা নিশ্চিত করা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন। এ বিষয়ে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়ে তিনি নেতৃবৃন্দকে বিষয়টি গুরুত্বের সঙ্গে সরকারের নীতিনির্ধারণী মহলে তুলে ধরার পরামর্শ দেন।
রাষ্ট্রপতি জ্বালানি সংকটকে বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা হিসেবে উল্লেখ করেন এবং জ্বালানি নিরাপত্তায় অতীতে উল্লেখযোগ্য উদ্যোগ না নেওয়ার কথা বলেন। বিটিএমএ নেতারা দেশীয় বস্ত্রকল সুরক্ষায় ১০-৩০ কাউন্টের তুলা সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহার এবং ব্যাংক গ্যারান্টির মাধ্যমে সুতা আমদানির সুযোগসংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখার ওপর গুরুত্বারোপ করেন। সাক্ষাতে রাষ্ট্রপতির সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।