ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। আধা সরকারি তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির বরাতে এ তথ্য জানিয়েছে। বাহিনীটির ভাষ্য, দক্ষিণ ইরানের সেরিক শহরে একটি টেলিযোগাযোগ টাওয়ারে হামলার জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরানি কর্মকর্তারা বৃহস্পতিবার হরমোজগান প্রদেশের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী সেরিকে শত্রুপক্ষের হামলার কথা জানান।
আইআরজিসি বলেছে, হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের উসকানিমূলক বিমান তৎপরতা ও তেল পাচারের জবাবেও বাহরাইনের রাডারটি লক্ষ্যবস্তু করা হয়েছে। বাহিনীটি ঘটনাটিকে তাদের ভাষায় আগ্রাসী শত্রুর জন্য কঠোর সতর্কবার্তা হিসেবে বর্ণনা করেছে।
আইআরজিসির মতে, হরমুজ প্রণালিতে উসকানিমূলক আকাশপথের তৎপরতা এবং তেল পাচার বন্ধ করতে হবে। একই ধরনের লঙ্ঘন ও আগ্রাসন আবার ঘটলে তাদের অ্যারোস্পেস ফোর্স কোনো সীমাবদ্ধতা ছাড়াই পাল্টা ব্যবস্থা নিতে প্রস্তুত বলেও জানিয়েছে। তবে বাহরাইনে মার্কিন রাডারে কথিত হামলায় ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে প্রতিবেদনে কোনো বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।