বাংলাদেশের আট বিভাগের অধস্তন আদালত তদারকির জন্য ১৩ জন বিচারপতিকে দায়িত্ব দিয়েছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তিনি প্রতিটি বিভাগের জন্য পৃথক ১৩টি ‘মনিটরিং কমিটি ফর সাব-অর্ডিনেট কোর্টস’ পুনর্গঠন করেছেন। শনিবার সুপ্রিম কোর্টের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসব কমিটির সাচিবিক সহায়তার জন্য ১৩ জন বিচার বিভাগীয় কর্মকর্তাকেও দায়িত্ব দেওয়া হয়েছে।
সুপ্রিম কোর্ট প্রশাসনের তথ্যমতে, নতুন কমিটিতে বরিশালে বিচারপতি শেখ মো. জাকির হোসেন, রাজশাহী-২ এ বিচারপতি মো. হাবিবুল গনি, ঢাকা-১ এ বিচারপতি জেবিএম হাসান, খুলনা-১ এ বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া, খুলনা-২ এ বিচারপতি মো. জাফর আহমেদ, ময়মনসিংহে বিচারপতি রাজিক আল জলিল এবং ঢাকা-২ এ বিচারপতি ফাতেমা নজীব দায়িত্ব পেয়েছেন। অন্যান্য বিভাগে দায়িত্ব পেয়েছেন বিচারপতি এসএম কুদ্দুস জামান, শশাঙ্ক শেখর সরকার, আহমেদ সোহেল, সরদার মো. রাশেদ জাহাঙ্গীর, কেএম হাফিজুল আলম ও মো. আতাবুল্লাহ।
এর আগে ২০২২ সালের জানুয়ারিতে আটজন বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছিল, পরে ২০২৩ সালের অক্টোবরে ১৩ জনকে যুক্ত করা হয় এবং গত বছরের এপ্রিলে কমিটি পুনর্গঠন করা হয়।