যুক্তরাষ্ট্র উপসাগরীয় মিত্র দেশগুলোকে ইরানে সম্ভাব্য নতুন হামলার জন্য প্রস্তুত থাকতে সতর্ক করেছে বলে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল ও অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের পর এ ধরনের হামলা হতে পারে। ওয়াশিংটন কয়েকটি উপসাগরীয় আরব দেশকে স্বল্পমেয়াদি কিন্তু তীব্র সামরিক অভিযানের জন্য প্রস্তুত থাকতে বলেছে।
এপির উদ্ধৃত দুই কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, মার্কিন কর্মকর্তারা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ ও আঞ্চলিক মিত্রকে সম্ভাব্য নতুন সামরিক পদক্ষেপ এবং এর জেরে ইরানের পাল্টা হামলার আশঙ্কা সম্পর্কে সতর্ক করেছেন। তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন হামলার বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। তিনি ইরানে পুনরায় হামলার হুমকি দিয়ে যাচ্ছেন।
আঞ্চলিক উত্তেজনা কমাতে সংযুক্ত আরব আমিরাত উত্তেজনা হ্রাস ও কূটনৈতিক প্রচেষ্টা জোরদারের আহ্বান জানিয়েছে। রয়টার্সের মতে, কাতারের মধ্যস্থতাকারীরা যুদ্ধ শেষ করতে ইরানের কাছে নতুন খসড়া চুক্তি দিয়েছেন। ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা তা প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, তেহরান মধ্যস্থতাকারীদের সঙ্গে যোগাযোগ রেখে কূটনৈতিক সমাধানের সুযোগ দেওয়ার চেষ্টা করছে।