স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সীমান্তের ওপার থেকে দেশ অস্থিতিশীল করার কথিত অপচেষ্টা এবং পতিত ফ্যাসিবাদী শক্তির ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন জাতীয় ঐক্যের আহ্বান জানিয়েছেন। বুধবার জাতীয় সংসদের অধিবেশনে ৩০০ বিধিতে বক্তব্যে তিনি বলেন, জাতীয় স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সরকারি দল, বিরোধী দল এবং সংসদের ভেতরে-বাইরের রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, সীমান্তের ওপার থেকে অডিও-ভিডিও বার্তা পাঠিয়ে এবং হরতাল-ধর্মঘটের নামে অস্থিরতা ও আতঙ্ক তৈরির চেষ্টা চলছে। পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিকভাবে সমূলে উৎপাটন এবং দেশি-বিদেশি ষড়যন্ত্র নস্যাৎ করতে রাজনৈতিক মতভেদ ভুলে ঐক্য গড়ার তাগিদ দেন তিনি। গণঅভ্যুত্থানে অর্জিত নতুন বাংলাদেশে গণতন্ত্র ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বশীল বিরোধী দলের সহযোগিতাও জরুরি বলে উল্লেখ করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ২০২৫ সালের তুলনায় ২০২৬ সালে বর্তমান সরকারের নয় মাসে খুন ২৮৭টি কমেছে এবং মব ভায়োলেন্স ৫৫টি থেকে ১৬টিতে নেমেছে। তিনি সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থান, র্যাব বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন গঠন, সাইবার ইউনিট চালু এবং পুলিশের জবাবদিহিতায় বডি ওন ক্যামেরা চালুর কথা বলেন।