চট্টগ্রামের সীতাকুণ্ডের বড় দারোগারহাট বাজারে মাছের সঙ্গে ভেজাল উপাদান মেশানোর অভিযোগে দুই মাছ ব্যবসায়ীকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার সকালে পরিচালিত অভিযানে প্রত্যেক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানের নেতৃত্ব দেন সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী।
অভিযানে বাজারের মাছ ও মৎস্যপণ্য পরীক্ষা করা হয় এবং বিক্রয় কার্যক্রম তদারকি করা হয়। দুই ব্যবসায়ীর মাছের সঙ্গে ভেজাল উপাদান মেশানোর বিষয়টি শনাক্ত হওয়ার পর মৎস্য ও মৎস্যপণ্য (পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ) আইন, ২০২০ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়। অভিযান-সংশ্লিষ্ট সূত্র জানায়, মাছ ও মৎস্যপণ্যের গুণগত মান নিশ্চিত করতে নিয়মিত বাজার পরিদর্শনের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়েছে।
মো. ফজলে রাব্বী বলেন, মাছের সঙ্গে রং বা ভেজাল উপাদান মেশানো হয়েছে এবং এসব উপাদান মানবদেহের জন্য ক্ষতিকর। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাজার তদারকি অব্যাহত থাকবে বলে তিনি জানান। বিভিন্ন বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং অনিয়ম পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। অন্য ব্যবসায়ীদের ভেজাল না মেশানো ও নিরাপদভাবে পণ্য বাজারজাত করার সতর্কতা দেওয়া হয়েছে। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মোতাছিম বিল্লাহ উপস্থিত ছিলেন।