ভারতের পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের লক্ষ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠকে অংশ নিতে আজ রাতেই কলকাতায় যাচ্ছেন অমিত শাহ। দলীয় সূত্রে জানা গেছে, তিনি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) বিধানসভায় পরিষদীয় দলনেতা নির্বাচনের প্রক্রিয়ায় প্রধান পর্যবেক্ষকের দায়িত্ব পালন করবেন। এই কাজে তাকে সহযোগিতা করবেন মোহনচরণ মাঝি। বিজেপির নিয়ম অনুযায়ী, নির্বাচনের পর সংশ্লিষ্ট রাজ্যে কেন্দ্রীয় পর্যবেক্ষক পাঠিয়ে পরিষদীয় দলনেতা নির্বাচন করা হয়।
বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে, এবার বিরোধী অবস্থান থেকে ক্ষমতায় আসার সম্ভাবনায় এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দলীয় সূত্রের দাবি, সিদ্ধান্তটি শুধু পরিষদীয় দলনেতা নির্বাচনের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নামও চূড়ান্ত হতে পারে, কারণ নির্বাচিত দলনেতাই সাধারণত মুখ্যমন্ত্রী হন।
এর আগে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের সম্ভাবনা নাকচ করে বলেন, তার দল পরাজিত হয়নি। নতুন সরকার গঠনকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি এখন উত্তেজনাপূর্ণ।