বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ও বিদেশে বসে একটি চক্র সরকার ও দেশের ভাবমূর্তি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঢাকার নবাবগঞ্জ উপজেলার যন্ত্রাইল ইউনিয়নের বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়ের ২৯তম বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি জানান, আসন্ন দুর্গাপূজায় ষড়যন্ত্র ও অপচেষ্টা প্রতিহত করতে সরকার সার্বিকভাবে নিরাপত্তা বলয় গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।
রিজভী বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন নির্বিঘ্নে ও নিরাপদে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী স্থানীয় প্রশাসনকে বারবার নির্দেশনা দিয়েছেন। দলের পক্ষ থেকে জাতীয় কমিটি গঠন করে পূজা উদযাপন কমিটির সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপি নেতাকর্মীদের প্রতিটি পূজামণ্ডপ কমিটির সঙ্গে নিয়মিত যোগাযোগ, পাহারার ব্যবস্থা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্য রক্ষায় সহযোগিতা করতে বলা হয়েছে।
অনুষ্ঠানের প্রধান বক্তা ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, দেশ সবার এবং কেউ কারও ধর্মকে ছোট করে দেখবে না। রিজভী বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবার ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার সামছুল আলম পোখরাজের শিক্ষাপ্রসারের অবদানের প্রশংসা করেন। তিনি বিদ্যালয়ের মাঠ ও শিক্ষার পরিবেশ দেখে মুগ্ধ হওয়ার কথাও জানান।