কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে গুরুতর আহত সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনের বড় ছেলে শাহরিয়ার জামান রানার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সহশ্রাম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা বাজারে হামলার ঘটনা ঘটে। কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে নেওয়া হয়, যেখানে রাত ৩টার দিকে অস্ত্রোপচার সম্পন্ন হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, মেজর আখতারুজ্জামানের প্রতিষ্ঠিত গচিহাটা কলেজ মাঠে কয়েকজন যুবক ও কিশোর মাদক সেবন করছিলেন। বাজারে যাওয়ার পথে রানা তাদের বাধা দিয়ে মাঠ ছাড়তে বলেন। আফতাব উদ্দিন নামের এক কিশোর চলে যেতে অস্বীকৃতি জানালে রানা তাকে চড়-থাপ্পড় দেন বলে স্থানীয় সূত্রের দাবি। পরে আফতাব তার চাচা তাজুল ইসলাম ও এলাকার লোকজনকে বিষয়টি জানান।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তাজুল ইসলাম পরে চিত্রা ফার্মেসিতে বসে থাকা রানাকে বুকের ডান হাতের নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যান। অস্ত্রোপচারের পর রানাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং সকালে কেবিনে স্থানান্তর করা হয়। কটিয়াদী মডেল থানার ওসি রফিকুল ইসলাম জানান, রাতেই অভিযান চালিয়ে লিমন মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে থানায় অভিযোগ দায়ের হয় এবং অন্য জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।