ইলেকট্রো মার্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল আফছার এশিয়া প্রেস্টিজ ৫০ আন্ডার ৫০ সিইও এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৬ অর্জন করেছেন। কম্বোডিয়ার নমপেনের শাংরি-লা হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে ২৮টি দেশের ২৮০ জনেরও বেশি কর্পোরেট নেতা অংশ নেন। কম্বোডিয়ার শিল্প, বিজ্ঞান, প্রযুক্তি ও উদ্ভাবন মন্ত্রী হেম ভান্দি উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এ পুরস্কারটি এশিয়ার তরুণ, গতিশীল ও দূরদর্শী ব্যবসায়ী নেতাদের স্বীকৃতি হিসেবে প্রদান করা হয়।
৩৩ বছরেরও বেশি সময় ধরে নুরুল আফছার ইলেকট্রো মার্ট গ্রুপ ও বাংলাদেশের ইলেকট্রনিক্স খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি নতুন মার্কেটিং কৌশল, পণ্যের বৈচিত্র্য, বাজার সম্প্রসারণ ও টেকসই উন্নয়নের মাধ্যমে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। ইলেকট্রো মার্টের চেয়ারম্যান তাঁর এই সাফল্যে অভিনন্দন জানিয়ে বলেন, এটি প্রতিষ্ঠানের উৎকর্ষ সংস্কৃতির প্রতিফলন।
নুরুল আফছার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই আন্তর্জাতিক স্বীকৃতি তাঁদের আরও দায়িত্বশীলভাবে বাংলাদেশের ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স খাতকে এগিয়ে নিতে অনুপ্রাণিত করবে।