হাইতির জাতীয় পুলিশ বাহিনী জানিয়েছে, সাম্প্রতিক এক অভিযানে রাজধানী পোর্ট-অ-প্রিন্সের দরিদ্র সিতে সোলেই এলাকার বোস্টন গ্যাংয়ের নেতা মাথিয়াস সেইনটিল নিহত হয়েছেন। শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ এ তথ্য জানায়। পুলিশের একটি সূত্রের ভাষ্য অনুযায়ী, অভিযানে তার শরীরে একাধিক গুলি লাগে এবং পরে হাসপাতালে তিনি মারা যান। প্রধানমন্ত্রী অ্যালিক্স দিদিয়ার ফিলস-এইমে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযানটির সাফল্য উদ্যাপন করেন।
ফিলস-এইমে বলেন, দস্যুদের কবল থেকে দেশকে মুক্ত করার লড়াই দৃঢ় সংকল্পে চলবে এবং গ্যাং সদস্যরা আর শান্তিতে ঘুমাতে পারবে না। ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জোভেনেল মইজ নিহত হওয়ার পর হাইতিতে সহিংসতা ও রাজনৈতিক সংকট আরও গভীর হয়েছে। জাতিসংঘের তথ্য অনুযায়ী, পোর্ট-অ-প্রিন্সের প্রায় ৯০ শতাংশ এলাকা গ্যাংগুলোর নিয়ন্ত্রণে এবং রাজধানী ও আশপাশে অন্তত ২৬টি অপরাধী চক্র সক্রিয়।
গ্যাং সহিংসতায় অন্তত ১৪ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। জাতিসংঘের হিসাবে, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত সহিংসতায় ১ হাজার ১২৩ জন নিহত এবং ৪৪০ জন আহত হয়েছেন। এপ্রিল থেকে আন্তর্জাতিক গ্যাং দমন বাহিনীর সদস্যরা হাইতিতে পৌঁছাতে শুরু করলেও অর্থ ও জনবলের সংকট রয়েছে। বাহিনীটির কার্যক্রমের অনুমোদন ২০২৭ সালের মার্চ পর্যন্ত রয়েছে।