ভারত ও কানাডা দীর্ঘমেয়াদি ইউরেনিয়াম সরবরাহ চুক্তি স্বাক্ষর করেছে। সোমবার সকালে দিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। প্রায় ৩০০ কোটি মার্কিন ডলারের এই দশ বছর মেয়াদি চুক্তিপত্র বিনিময় হয় বৈঠকের সময়েই।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইউরেনিয়াম সরবরাহকারী দেশ কানাডা ২০১৩ সাল থেকেই ভারতকে ইউরেনিয়াম সরবরাহ করছে। নতুন চুক্তির আওতায় ইউরেনিয়াম সরবরাহ করবে বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্যামেকো। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে জ্বালানি আমদানি বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের কারণে ভারত বিকল্প জ্বালানি উৎস খুঁজছে, যার অংশ হিসেবে কানাডার সঙ্গে এই চুক্তি সম্পন্ন হয়েছে।
এই সফরে ইউরেনিয়াম ছাড়াও তেল, গ্যাস, প্রতিরক্ষা ও শিক্ষা খাতে সহযোগিতা চুক্তি সই হয়েছে। দুই নেতা জানিয়েছেন, চলতি বছরের মধ্যেই ভারত-কানাডা অর্থনৈতিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের দিকে অগ্রসর হচ্ছে, যা প্রায় ১৫ বছর ধরে আলোচনায় রয়েছে।