ঢাকার অদূরে সাভারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের একটি ফারমার্স মিনি কোল্ডস্টোরেজ পরিদর্শন করেছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের ইউএসডিএ প্রতিনিধিদল। মঙ্গলবার তারা কৃষিপণ্য সংরক্ষণে ব্যবহৃত প্রযুক্তি ও এর কার্যক্রম দেখে প্রশংসা করে। প্রতিনিধিদল মনে করে, কৃষক পর্যায়ের স্বল্প পরিসরের আধুনিক সংরক্ষণব্যবস্থা কৃষিপণ্যের অপচয় কমাতে এবং বাজার ব্যবস্থাপনায় ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
দলে ছিলেন ইউএসডিএর দক্ষিণ এশিয়ার অ্যানিম্যাল অ্যান্ড প্ল্যান্ট হেলথ ইনস্পেকশন সার্ভিসেসের পরিচালক ড. ক্যাথরিন ফিডলার, ঢাকার মার্কিন দূতাবাসের এগ্রিকালচারাল অ্যাটাশে এরিন কোভার্ট এবং ইউএসডিএর অ্যাগ্রিকালচারাল স্পেশালিস্ট মো. তানভির আহমেদ। তারা ক্রেটে রাখা আম, লাউ, পেঁপে ও কাঁচা মরিচসহ বিভিন্ন ফল-সবজি দেখেন এবং সংরক্ষণের সময়, মেয়াদ ও তাপমাত্রা নিয়ন্ত্রণ সম্পর্কে জানতে চান। কর্মকর্তারা জানান, অধিকাংশ পণ্য এক সপ্তাহ থেকে এক মাস পর্যন্ত সতেজ রাখা সম্ভব।
প্রকল্প পরিচালক তালহা জুবাইর মাশরুর জানান, দ্রুত নষ্ট হওয়া ফল ও সবজি সংরক্ষণ করে কৃষককে সুবিধাজনক সময়ে বিক্রির সুযোগ দিচ্ছে এই ব্যবস্থা। প্রতিনিধিদল বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে কাজ করার আগ্রহ জানিয়েছে এবং মাঠপর্যায়ের পরিদর্শনের পর কৃষি মন্ত্রণালয়ের সঙ্গে বসার কথা বলেছে। বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে প্রকল্পটির আওতায় বিভিন্ন জেলায় ইতোমধ্যে ১৪৭টি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করা হয়েছে।