ইসলামাবাদে চলমান যুদ্ধ বন্ধের আলোচনায় বসেছে যুক্তরাষ্ট্র ও ইরান। বিবিসির খবরে বলা হয়েছে, ইরান সতর্ক করেছে যে তাদের শর্ত পূরণ না হলে এই আলোচনা বাতিল হতে পারে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরআইএনএনের প্রতিবেদনে জানানো হয়, তেহরানের স্বার্থ, দাবি ও ‘লাল রেখা’কে সম্মান না করা হলে আলোচনা থেকে সরে আসাও ইরানের কাছে সাফল্য হিসেবে বিবেচিত হবে। কর্মকর্তারা একে দৃঢ় কূটনীতি হিসেবে বর্ণনা করেছেন।
প্রতিবেদনে আরও বলা হয়, দিনের শুরুতে ইরানি প্রতিনিধি দলের প্রথম বৈঠক পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে হওয়ার কথা ছিল, যার পর যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সম্ভাব্য বৈঠকের সময়সূচি নির্ধারিত হওয়ার কথা। শরিফের সঙ্গে বৈঠক ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রতি আস্থার অভাব রয়েছে এবং ইরান শক্ত অবস্থানে থেকে শর্ত পূরণ না হলে আলোচনা ছাড়াই এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে।