স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন ডেঙ্গু প্রতিরোধে সবাইকে বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন। শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভুলতা ঈদগাহ মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পিং অনুষ্ঠানে তিনি বলেন, প্রতিটি এলাকার স্থানীয় মানুষকে ঐক্যবদ্ধ হয়ে ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা গড়ে তুলতে হবে।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে মিলেমিশে নিজ নিজ এলাকায় কাজ করার আহ্বান জানান মন্ত্রী। বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রূপগঞ্জ উপজেলা বিএনপি এ অনুষ্ঠানের আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন।
মন্ত্রী জানান, রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১৫১ শয্যাবিশিষ্ট আধুনিক হাসপাতালে উন্নীত করার অনুমোদন দেওয়া হয়েছে এবং তা দ্রুত বাস্তবায়ন করা হবে। তিনি বলেন, সম্মিলিত সহযোগিতা ছাড়া স্বাস্থ্যসেবার উন্নয়ন সম্ভব নয়। পরে তিনি গরিব, দুস্থ ও নিম্ন আয়ের মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন এবং একটি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন।