ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের পাথারিয়াদ্বার সীমান্তে শুক্রবার গভীর রাতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন ধজনগর গ্রামের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোরছালিন এবং মধুপুর গ্রামের ৪০ বছর বয়সী নবীর হোসেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তাদের লাশ আগরতলার জিবি হাসপাতালে রয়েছে। একই ঘটনায় আরও কয়েকজন বাংলাদেশি তরুণ আহত হয়েছেন এবং তাদের কুমিল্লায় চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, রাতে কয়েকজন চোরাকারবারী মোরছালিনকে সীমান্তে নিয়ে গেলে বিএসএফ গুলি চালায়। ঘটনাস্থলেই মোরছালিন নিহত হন এবং নবীর হোসেন আহত অবস্থায় হাসপাতালে মারা যান। স্থানীয়রা জানান, বিএসএফ নিহতদের লাশ নিয়ে যায়।
বিজিবি ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করা হচ্ছে। সীমান্তে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে তারা জানান।