ইহুদি ধর্মীয় উৎসব ‘তিশা বি’আভ’ শুরু হওয়ার পর জেরুজালেমের আল-আকসা মসজিদ প্রাঙ্গণে শত শত ইহুদি বসতি স্থাপনকারী প্রবেশ করে। ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও তাদের সঙ্গে মসজিদ প্রাঙ্গণে প্রবেশ করেন। জেরুজালেমের ইসলামিক ওয়াকফ বিভাগের তথ্য অনুযায়ী, ২,৩০০-র বেশি বসতি স্থাপনকারী ইসরাইলি বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে প্রবেশ করে। ফিলিস্তিনি কর্মকর্তারা জানান, ইসরাইলি বাহিনী প্রবেশদ্বারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে বহু মুসুল্লি ও শিক্ষার্থীকে ঢুকতে দেয়নি এবং কয়েকজনের ওপর হামলা চালিয়েছে।
জেরুজালেম গভর্নরেটের ফিলিস্তিনি প্রশাসন বেন-গভিরের এই পদক্ষেপকে বিপজ্জনক উত্তেজনা বৃদ্ধি হিসেবে বর্ণনা করে জানায়, এটি ইসরাইল সরকারের প্রত্যক্ষ সমর্থনের প্রমাণ। জর্ডান ও হামাস ঘটনাটির তীব্র নিন্দা জানায়। জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে জানায়, এ ধরনের পদক্ষেপ জেরুজালেমের পবিত্র স্থানগুলোর ঐতিহাসিক ও আইনি অবস্থান লঙ্ঘন করে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে ইসরাইলের ওপর চাপ দিতে আহ্বান জানায়। হামাস জানায়, এই আগ্রাসনের প্রতিক্রিয়া দখলদার বাহিনী ও বসতি স্থাপনকারীদের ওপরেই পড়বে এবং ফিলিস্তিনিরা নিশ্চুপ থাকবে না।