ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত উদয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে সহপাঠী ছাত্রীদের ছবি আপত্তিকরভাবে বিকৃত, অশ্লীল বার্তা পাঠানো এবং ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে মঙ্গলবার দিনব্যাপী বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের অভিযোগ, এসব ঘটনার প্রতিবাদ করায় ১০ শিক্ষার্থীকে ক্লাস ও পরীক্ষা থেকে বিরত রাখা এবং বিভিন্নভাবে হয়রানি করা হয়েছে।
শিক্ষার্থীদের দাবি, অভিযুক্ত তাসনিম মুনিম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিনের ছেলে হওয়ায় বিদ্যালয় প্রশাসন পক্ষপাতমূলক আচরণ করেছে। তাঁদের অভিযোগ, ভুক্তভোগীদের অভিযোগ গ্রহণ করা হয়নি; বরং প্রতিবাদীদের আটকে লিখিত বক্তব্য নেওয়া, মুঠোফোন কেড়ে নেওয়া ও আইনি ব্যবস্থার হুমকি দেওয়া হয়েছে। তাঁরা ছাত্রীদের নিরাপত্তা, অভিযুক্তের বিরুদ্ধে ব্যবস্থা, হয়রানি বন্ধ, বঞ্চিতদের পুনর্বহাল এবং স্বাধীন তদন্ত কমিটি গঠনের দাবি জানান।
বিদ্যালয় প্রশাসন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই সহকারী প্রক্টরকে নিয়ে দুই সদস্যের তদন্ত কমিটি করেছে, যার নিরপেক্ষতা নিয়ে আপত্তি তুলেছেন আন্দোলনকারীরা। অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন, তদন্তের স্বার্থে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষের বাইরে রাখা হয়েছে এবং শিখন ঘাটতি পূরণ করা হবে। তিনি বলেন, কমিটি নিয়ে অনাস্থার বিষয়টি উপাচার্যের সঙ্গে আলোচনা করবেন এবং পরিবারগুলোর ওপর চাপের অভিযোগ তদন্ত কমিটির কাছে উপস্থাপন করা হবে।