সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় হাসাকা শহরের মুশিরফা এলাকায় বুধবার ইসলামিক স্টেটের আত্মঘাতী হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। একটি তল্লাশিচৌকিতে চালানো এ হামলায় অংশ নেওয়া চার সশস্ত্র হামলাকারীও নিহত হয়েছে। ফলে ঘটনায় মোট নিহতের সংখ্যা ছয়ে দাঁড়িয়েছে। প্রাদেশিক প্রশাসনের গণমাধ্যম বিভাগ জানায়, হামলাকারীরা সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে হামলা চালায়।
সিরিয়ার অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দুই হামলাকারী নিরাপত্তা সদস্যদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়। অন্য দুইজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দেয়। সিরীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আত্মঘাতী হামলাকারীদের একজন বিস্ফোরকভর্তি মোটরসাইকেলে তল্লাশিচৌকির প্রবেশপথে গিয়ে বিস্ফোরণ ঘটায়। আইএসএফ তাদের এক্স অ্যাকাউন্টে ঘটনাস্থলের ছবি প্রকাশ করেছে।
হাসাকার ডেপুটি গভর্নর আহমেদ আল-হিলালি হামলার পরিস্থিতি উদ্ঘাটন ও দায়ীদের শনাক্ত করার অঙ্গীকার করেছেন। তিনি নাগরিকদের নিরাপত্তা এবং অঞ্চলের স্থিতিশীলতা নিশ্চিত করার দায়িত্ব পালনের কথাও বলেন। প্রতিবেদনে সিরিয়ায় আইএসের হামলা অব্যাহত থাকার কথা উল্লেখ করা হয়েছে। গত অক্টোবরে দামেস্কের উপকণ্ঠে সন্দেহভাজন আইএস সদস্যদের বিরুদ্ধে অভিযানে সংঘর্ষে অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত ও পাঁচজন আহত হন।