কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া পাচারের জন্য আটকে রাখা ১৩ জনকে উদ্ধার করেছে র্যাব-১৫। মঙ্গলবার গভীর রাতে টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। র্যাব-১৫ এর সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ. ম. ফারুক জানান, আটক ব্যক্তিদের সাগরপথে পাচার ও মুক্তিপণ আদায়ের পরিকল্পনা ছিল।
র্যাব জানায়, অভিযানের সময় পাচারকারীরা পালিয়ে গেলেও ১৩ জনকে উদ্ধার করা সম্ভব হয়। উদ্ধারকৃতদের মধ্যে ছয়জন বাংলাদেশি পুরুষ, চারজন রোহিঙ্গা পুরুষ ও তিনজন রোহিঙ্গা নারী রয়েছেন। ঘটনায় টেকনাফ এলাকার পাঁচজনকে আসামি করা হয়েছে এবং আরও কয়েকজন অজ্ঞাত পাচারকারীকে মামলায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃতদের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং টেকনাফ মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মানব পাচারচক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।